১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী আরিফুল করিম
সূত্রঃ ফাইল ছবি
রাবি প্রতিনিধি
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন আরিফুল করিম সিয়াম।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন। কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’
আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ এই যাত্রায় ধৈর্য হারানো যাবে না। প্রস্তুতির সময় প্রতিদিন সমান সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো হবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ।
তিনি লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন।
এদিকে আরিফুল করিম সিয়ামের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু।
তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে—এটি আমার জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই গর্বের। সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আরিফুল করিম সিয়ামের দেশসেরা হওয়ার খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।








