বরগুনার আমতলীতে জেলা পরিষদের জায়গায় ৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
বরগুনার আমতলীতে জেলা পরিষদের জায়গায় ৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সূত্রঃ বিডি মেইল

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলীতে জেলা পরিষদের ডাকবাংলোর সীমানার মধ্যে থাকা ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আমতলী পুরাতন বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিষদের কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


বরগুনা জেলা পরিষদের উচ্চমান সহকারী এনামুল হক জানান, আমতলী পুরাতন বাজার ডাকবাংলোর সীমানার মধ্যে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এসব স্থাপনার কারণে ডাকবাংলোর সীমানাপ্রাচীর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। পাশাপাশি ডাকবাংলোর নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছিল।


তিনি জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও তারা তা আমলে নেননি। পরে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পরও তারা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।


এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ছয়টি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।


অভিযানের সময় বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) অরবিন্দু বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।