বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সূত্রঃ ফাইল ছবি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যেতে পারে।
এ সময় গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা থেকে ৭৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জেলেদের সতর্কতা
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঝুঁকি এড়াতে এ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।









