রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার
সূত্রঃ বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা থানায় দায়ের করা গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—আশরাফুল (২৬) ও রিফাত খান (১৯)। মঙ্গলবার রাতে রূপসার কাজদিয়া কলেজ মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানায় গত ৮ জুন মামলাটি করা হয়। মামলা নম্বর-৩। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার ভুক্তভোগী রূপসার তালতলা এলাকার শাহিনুর রহমান (৪৯)।
পুলিশের দাবি, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া মনির গাজীর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আশরাফুলের নাম উঠে আসে। এছাড়া তদন্তে রিফাত খানকে মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়।
ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ হোসেনের নেতৃত্বে এসআই মোল্লা লুৎফর রহমান, এএসআই সেলিম ও কনস্টেবল ইমরুলসহ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।









