নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

সূত্রঃ ফাইল ছবি

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি


নেশার টাকা চেয়ে জন্মদাতা বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক অসহায় মা।


বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বাউলিয়ার বাসিন্দা দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, শুভ শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের কোনো ভরণপোষণ দেন না। বরং নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করেন বলে অভিযোগ করেছেন তার মা। নেশার টাকার জন্য বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুরও করেন তিনি।


অভিযোগে আরও বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে করিমন নেছা ছেলে শুভকে নেশার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ তার বাবা-মাকে এলোপাতাড়ি মারধর করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন।


পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি, সালিশ কিংবা মামলা করলে বাবা-মাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়।


মামলার বাদী করিমন নেছার দাবি, পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।