সুনামগঞ্জে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন, পণ্যের মোড়কে অনিয়ম এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে এসআরবি-৯ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯), সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়, পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—আল আরাফাহ বেকারির মালিক কামরুল হাসান মুন্নাকে ১ লাখ টাকা, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেবকে ১ লাখ টাকা এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠান তিনটিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪








