আমির হামজার নামে ভাইরাল অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
আমির হামজার নামে ভাইরাল অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট


কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পায়নি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।


দ্য ডিসেন্ট জানিয়েছে, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা ও তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কোন প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। একই পোস্টে তিনি ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ বলে দাবি করা হয়েছে) ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’


অডিওতে আরও বলতে শোনা যায়, বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বারবার ক্ষমা চাওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।


এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে আমির হামজা অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।


পরে তাঁর বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে প্রচারিত অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।


তবে দ্য ডিসেন্টের পরীক্ষায় অডিওতে এআই ব্যবহারের প্রমাণ না মিললেও কথোপকথনের বক্তা, প্রেক্ষাপট ও সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


এমকে/বিএম২৪