সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন
সূত্রঃ সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। অন্যদিকে, আসামিপক্ষ আগামী ২১ সেপ্টেম্বর জামিনের আবেদন করবে বলে জানিয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, শাওন আমিনের বিরুদ্ধে ডিবিতে একটি সাইবার সুরক্ষা আইনের মামলা তদন্তাধীন রয়েছে। মামলাটির নম্বর ৪১/২৪৪, তারিখ ২৪ জুলাই ২০২৬। এতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫(২) ও ২৭ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর শাওন আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৭ সেপ্টেম্বর তাকে ঠাকুরগাঁও ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে আদালতে পাঠানো হয়।
ডিবি আরও জানিয়েছে, আটোয়ারী থানায় সাইবার ক্রাইম-সংক্রান্ত আরও তিনটি মামলায় শাওন আমিনের বিরুদ্ধে ওয়ারেন্ট মুলতবি রয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও সদর থানায় সাংবাদিক জয় মহন্ত অলকের করা একটি প্রসিকিউশন মামলাও তদন্তাধীন রয়েছে। ঢাকার একটি থানায় তার বিরুদ্ধে সাইবার ক্রাইম-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্টরা জানান, ডিবিতে তদন্তাধীন একটি মামলার আসামি কুঞ্জমোহন পালের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির সূত্র ধরে শাওন আমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য সামনে আসে।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, কুঞ্জমোহন পালের জবানবন্দিতে দাবি করা হয়েছে, টাকার বিনিময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যসংবলিত পোস্ট এবং বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি প্রকাশের কাজে শাওন আমিন তাকে ব্যবহার করতেন। একটি মেয়ের অশ্লীল ভিডিওও তার নির্দেশে পোস্ট করা হয়েছিল বলে জবানবন্দিতে দাবি করা হয়েছে।
এ ছাড়া ‘ঠাকুরগাঁও আপডেট’ নামে একটি ফেসবুক পেজের মূল অ্যাডমিন শাওন আমিন—এমন দাবিও করেছেন কুঞ্জমোহন পাল। তার দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হতো।
তবে এসব অভিযোগের সবগুলোই বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ। অভিযোগগুলোর সত্যতা, ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা কী ছিল—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে শাওন আমিনের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান হোসেন চৌধুরী জানান, আগামী ২১ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হবে।
অপরদিকে, পুলিশ শাওন আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। আগামী ২১ সেপ্টেম্বর শুনানিতে রিমান্ড ও জামিন আবেদনের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।
মামলার অভিযোগের সত্যতা এবং শাওন আমিনের সংশ্লিষ্টতার বিষয়গুলো তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। আদালতের পরবর্তী শুনানির পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
এমকে/বিএম২৪









