সখীপুরে শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম
সখীপুরে শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সূত্রঃ সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি:


টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির আট বছর বয়সী বোন সিদরাতুলকেও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানিয়েছে পরিবার।


বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আকলিমাকে হেফাজতে নেয় সখীপুর থানা-পুলিশ।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক মেয়েসহ আকলিমাকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়। শিশুটির বয়স ৪০ দিন হওয়ার পর আকলিমা তাকে প্রথম স্ত্রী নাসিমা আক্তারের কাছে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে যান। এরপর নাসিমার কাছেই বড় হয় আশরাফুল।


স্থানীয়রা জানান, আশরাফুল নাসিমাকে ‘বড় মা’ এবং আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত।


পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার রাতে আকলিমা তাঁর ছেলে আশরাফুল ও মেয়ে সিদরাতুলকে ছুরিকাঘাত করেন। এতে আশরাফুল গুরুতর আহত হয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিদরাতুলও গুরুতর আহত হয়েছে।


ঘটনার পর আকলিমা আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে সকালে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।


শিশুটির বাবা শাহিন মিয়া বলেন, ‘প্রায় ৩০ বছর পর আল্লাহ আমাকে একটি পুত্রসন্তান দান করেছিলেন। সেই সন্তানকে আমার দ্বিতীয় স্ত্রী এভাবে হত্যা করেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু আমার সন্তানই নয়, আকলিমার আগের ঘরের মেয়ে সিদরাতুলকেও গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তার মরদেহ সেখানেই রয়েছে। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’


এমকে/বিএম২৪