ওসির অডিও ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ এএম
ওসির অডিও ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিন সদস্যের এই কমিটি বিষয়টি তদন্তের পাশাপাশি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশমেইলের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।


ডিবি প্রধান বলেন, ছড়িয়ে পড়া অডিও নিয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।


পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।


পুলিশের একাধিক সূত্রের দাবি, অডিওটি রাকিবুল হাসানের কণ্ঠের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে অডিওটির সত্যতা ও বক্তব্যের প্রেক্ষাপট তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।


ছড়িয়ে পড়া অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা এবং পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করতে শোনা যায় রাকিবুল হাসানকে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি কথা বলেন বলে অডিওতে শোনা যায়। এ ছাড়া পুলিশের বিভিন্ন পদে পদায়নে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও তোলেন তিনি।


অডিওটি নিয়ে আলোচনা ও অনুসন্ধানের মধ্যে বুধবার রাতে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাঁকে ডিএমপি সদরদপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।