ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবকে ডেকেছে ডিবি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবকে ডেকেছে ডিবি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গঠিত তিন সদস্যের কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করবে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।


তিনি বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিই রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। কমিটিতে ডিবির একজন সদস্য এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন। ভাইরাল হওয়া অডিওর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি অডিও ভাইরাল হয়। এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’


অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার দাবি করা হয়। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা বিএনপির দিকে ঝুঁকছেন না বলেও ওই ব্যক্তিকে বলতে শোনা যায়।


এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই অডিওতে কথা বলতে শোনা যায়।


এমকে/বিএম২৪