ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাঁদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।
আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার চালক জুয়েল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত আঁখি আক্তারের বাবা ও আহত আবুল হোসেন জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন ছিলেন। দুর্ঘটনায় তিনজন নিহত হলেও সাদিয়া নামের ছয় বছরের একটি শিশু অক্ষত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
সাটুরিয়া থানা-পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন। তাঁদের মরদেহ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এমকে/বিএম২৪








