সন্ত্রাসীর চেয়ে মাদক কারবারি বেশি ভয়ংকর: হুইপ অপু

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
সন্ত্রাসীর চেয়ে মাদক কারবারি বেশি ভয়ংকর: হুইপ অপু

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি

সন্ত্রাসীর চেয়েও মাদক কারবারিরা সমাজের জন্য বেশি ভয়ংকর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। তিনি বলেন, “একটি গুলিতে একজন মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু একজন মাদক কারবারি একটি এলাকার অনেক মানুষকে ধ্বংস করে দিতে পারে। মাদকমুক্ত এলাকা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”


শুক্রবার (১৬ অক্টোবর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আটেরপাড়া কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


এ সময় হুইপ অপু পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি নিজ হাতে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


দিনব্যাপী ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে সময় কাটান হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। উপজেলার মনু এলাকায় স্থানীয়দের সঙ্গে ক্যারাম খেলায় অংশ নেন তিনি। পথে গাড়িতে বসেই ছোট শিশুদের হাতে চকলেট তুলে দেন। সাজনপুর এলাকায় শিশুদের ফুটবল উপহার দেন এবং এক অসহায় বৃদ্ধার সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়া শাহজাহানপুর ইউনিয়নের একটি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


এদিকে, ভেদরগঞ্জের সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর আলম দালালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলেও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ সিহান, ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহীন আহমেদ, গোসাইরহাট উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ঢালী, ডামুড্যা উপজেলা প্রতিনিধি আবু আলম, মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহবুব আলম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দেশ টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি রুপম।


এ ছাড়া উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার ও আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।


এমকে/বিএম২৪