নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পশ্চিমপাড়ার জয়
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শীতের আমেজে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। এতে টাইব্রেকারে খাগালিয়া পূর্বপাড়া একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে পুরো গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মাঠের চারপাশে জড়ো হন হাজারো দর্শক। ঢোলের তালে, করতালি ও দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে খেলার মাঠ।
ফাইনালে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ ও খাগালিয়া পূর্বপাড়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণেও কোনো গোল না হওয়ায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ২-০ ব্যবধানে জয় পায় পশ্চিমপাড়া একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল খাগালিয়া পশ্চিমপাড়া একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ খাগালিয়া পূর্বপাড়া একাদশের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের সন্তান, মালদ্বীপপ্রবাসী সমাজসেবক ও ২ নম্বর ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেন।
মালদ্বীপ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে মুক্তার হোসেন বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে। সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মো. শামীম আহমদের সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, শামীম আহমেদ, মো. সাইফুল ইসলাম ও ওয়ালী রহমানসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ।
গ্রামবাসী জানান, এ ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
এমকে/বিএম২৪








