জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর

ছবি: বিডি মেইল

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু।


তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে খুলনা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ অঞ্চলের মানুষকে প্রতিবছর বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে হয়। এসব ঝুঁকি কমাতে বাস্তবভিত্তিক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।


শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট আয়োজিত দিনব্যাপী ইয়ুথ সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নজরুল ইসলাম মঞ্জু বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুণদের এ মানবিক কার্যক্রমে আজীবন সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের সক্রিয় ইউনিট গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।


সামিটের আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর আওতায় খুলনা ও বাগেরহাটের ছয়টি কলেজে ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর দল গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বিভিন্ন জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করেছেন।


তরুণদের এসব উদ্যোগের অভিজ্ঞতা বিনিময়, সফল কার্যক্রম চিহ্নিত করা এবং রেড ক্রিসেন্টের স্থানীয় কাঠামোর সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার করাই ছিল সামিটের মূল উদ্দেশ্য।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি।


এ সময় সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ এফ এম আবদুর রাজ্জাক, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষক মো. সোহরাব হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রেড ক্রিসেন্ট সমন্বয়ক শিক্ষক মো. বুলবুল আহমেদ, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেকসোনা খাতুন, জেলা ইউনিটের সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডি এম নাজমুল আলম, আমেরিকান রেড ক্রসের এসটিও মো. মামুনুর রশীদ, প্রকল্প কর্মকর্তা মো. সাকিবুল হাসান ও মিতা মাহমুদ মুন্নীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সামিটে তিনটি কলেজের ৯০ জন ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর ও সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন খুলনার পিও মো. জহিরুল ইসলাম।