অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম
অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


অফিসার্স ক্লাব সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। পরে মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।


মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।


পারিবারিক সূত্র জানায়, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।


এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।


ডিসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এ কারণে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।