ড্রেনের পাশে মিলল এক দিনের নবজাতক, পরিচয় শনাক্তে চলছে পুলিশের তদন্ত

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ এএম
ড্রেনের পাশে মিলল এক দিনের নবজাতক, পরিচয় শনাক্তে চলছে পুলিশের তদন্ত

ছবি: বিডি মেইল

মো. মিজানুর রহমান (সুমন), বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মহেশগঞ্জ এলাকায় ড্রেনের পাশে পড়ে থাকা এক দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর ৬ নম্বর ওয়ার্ডের সমীরের বাড়ির গলির মুখ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর গলির ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা নর্দমার পাশে কাদার মধ্যে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।


এদিকে, নবজাতককে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় কী, কে বা কারা তাকে সেখানে রেখে গেছে—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তার মা-বাবার সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। কে বা কারা শিশুটিকে নির্জন গলিতে ফেলে গেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


একটি নবজাতককে এভাবে ফেলে যাওয়ার ঘটনা শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিশুটির চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।