অন্তর্বর্তী সরকারের দেড় বছরের ক্ষতি বর্ণনাতীত: বিমানমন্ত্রী
সংগৃহীত
রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না। বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে জনগণ তা হতে দেয়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৭ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের যে ক্ষতি করেছে, তা তো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও দেশের ব্যাপক ক্ষতি করেছে। প্রশাসনে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের এ বিষয়ে জানার কথা বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ সংকট নিরসনে আরও এক বছর সময় লাগবে। তবে যতটুকু সম্ভব গ্যাস আমদানি করে সরকার সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, সরকার ক্ষমতা নেওয়ার পরই বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হয়েছে। ইরান, ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী।
জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশের হিসাবে ৩৫০ টাকার বেশি। অথচ দেশের কিছু মানুষ সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বট বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজ করলে তাঁকে বহিষ্কার করতেও সরকার প্রস্তুত। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এতে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
এমকে/বিএম২৪








