সন্তান না হওয়ায় বিচ্ছেদ, সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে স্ত্রীর কান্না
সংগৃহীত
জেলা প্রতিনিধি
সাত বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় ভেঙে গেল সংসার। বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার। সংসার না ভাঙার জন্য বারবার অনুরোধ করলেও মন গলেনি স্বামীর। নিজের সিদ্ধান্তে অনড় থেকে বিচ্ছেদের পথেই হাঁটেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে স্থানীয়ভাবে আয়োজিত এক সালিশে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সালিশে স্বামীর কাছে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন ইতি আক্তার। একপর্যায়ে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে স্ত্রীর কান্না ও অনুরোধের পরও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি স্বামী। ইতি আক্তার নিজেও গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইতি আক্তারের স্বামী রনি খান জানান, বিয়ের পর দীর্ঘ সাত বছর তাঁরা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না।
ইতি আক্তারের ভাই জুলহাস সরদার জানান, সালিশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজগর আলীও উপস্থিত ছিলেন। তাঁরা রনি খানকে বুঝিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। তবে তাতেও কোনো সমাধান হয়নি।
ইতি আক্তারের বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। তাঁর স্বামীর বাড়ি পাশের মেহেন্দীগঞ্জ উপজেলার বাবনেরচর এলাকায়।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মো. সেলিম রাড়ী বলেন, তাঁরা উপস্থিত থেকে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সন্তান না হওয়ার বিষয়টি উল্লেখ করে স্বামী স্ত্রীকে খোলা তালাক দিয়েছেন। এ সময় ১ লাখ ৮০ হাজার টাকা দেনমোহরসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির মাধ্যমে তালাক সম্পন্ন হয়।
হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আলী আজগর বলেন, সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ ঘটনায় স্ত্রী ইতি আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওসি অভিযোগটি তদন্তের দায়িত্ব তাঁকে দেন। এরপর দুই পক্ষকে নিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় কাজির মাধ্যমে তাঁদের খোলা তালাক সম্পন্ন হয়।
সন্তান না হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে বিচ্ছেদ এবং সংসার টিকিয়ে রাখতে স্ত্রীর আকুতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এমকে/বিএম২৪









