শাজাহানপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, সমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় এবং রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু সাহীন সানি।
এ ছাড়া উপস্থিত ছিলেন সুজাবাদ উত্তরপাড়া সমবায় সমিতির সভাপতি সরকার হোসেন, চাগুইর সমবায় সমিতির সভাপতি নুরুন্নবী, সুজাবাদ বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল মোত্তালেব বাদল সরকার এবং সমবায়ী ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পুকুর বন্দোবস্তের ক্ষেত্রে জমির কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই, ভূমিদস্যুতা ও মাদক প্রতিরোধ এবং নারীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তাসংক্রান্ত সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে রাজস্ব আদায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং বেজোড়ার আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে দুবলাগাড়ীর রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মো. মঞ্জুরুল ইসলাম এবং বড়পাথারের সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মো. মোখলেছুর রহমানকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।
এমকে/বিএম২৪








