শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ততা, শিক্ষক নাজমুল হুদাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ততা, শিক্ষক নাজমুল হুদাকে অবাঞ্ছিত ঘোষণা

সংগৃহীত

মো: ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সম্পৃক্ততার ঘটনা ঘটেছে। শিক্ষকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা উপাচার্যের হস্তক্ষেপে সমাধানের একদিন পরই ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষককে প্রশাসনিক ভবন থেকে বের করে দেওয়া এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা ঘটেছে।


সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদাকে প্রশাসনিক ভবন থেকে বের করে দেন। এ সময় তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তাঁর অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বহিষ্কারের দাবিও জানান তাঁরা।


এর আগে গতকাল রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত সভায় ড. নাজমুল হুদার সঙ্গে ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন প্রতিবাদকারী শিক্ষকরা।


তাঁদের অভিযোগ, সভায় জ্যেষ্ঠ শিক্ষক ড. আব্দুস সাত্তারকে ‘তুমি’ বলে সম্বোধন, অপমানজনক ভাষায় কথা বলা এবং অবসরে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সভায় প্রক্টরের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।


সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, গতকালের সভায় সৃষ্ট পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে সেখানেই সমাধান করা হয়। তবে পরদিন ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা এবং একজন শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।


এ ঘটনায় সোমবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদকারী শিক্ষকরা। স্মারকলিপিতে ড. নাজমুল হুদার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, জ্যেষ্ঠ শিক্ষকদের অপমান ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি তাঁর নিয়োগপ্রক্রিয়ার বৈধতা ও অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ পর্যালোচনার দাবিও জানানো হয়েছে।


শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধে শিক্ষার্থীদের এভাবে সম্পৃক্ত করা কতটা যৌক্তিক, তা নিয়েও ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ কিংবা অভিযোগের সৃষ্টি হলে তা প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়াই প্রত্যাশিত। এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাগত মর্যাদার ওপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধে শিক্ষার্থীদের হস্তক্ষেপের প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।


এ বিষয়ে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, স্মারকলিপি দেওয়ার বিষয়টি তিনি জানেন না। গতকালের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা, সমালোচনা ও কথা হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটলেও উপাচার্য ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিষয়টি সেখানেই শেষ হয়েছে। আজ শিক্ষার্থীদের কর্মকাণ্ডকে অনভিপ্রেত উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


স্মারকলিপিতে প্রতিবাদকারী শিক্ষকরা অভিযোগগুলোর তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন, সভার ভিডিও বা অডিও রেকর্ডিং ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ, ইউজিসির নির্দেশনার সত্যতা ও বর্তমান প্রশাসনিক অবস্থা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মান, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।


এমকে/বিএম২৪