গোপালগঞ্জে আ. লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০
সংগৃহীত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের অভিযোগও উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রভাবশালী লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। অন্য একটি সূত্রে আহতের সংখ্যা ২০ জন বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও পুলিশের বিশেষায়িত দল (এসআরবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। তবে বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, কে বড় নেতা হবেন এবং এলাকায় কার আধিপত্য প্রতিষ্ঠিত হবে, মূলত এ দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনের নামে এলাকায় অরাজকতা সৃষ্টি করছেন।
তবে সংঘর্ষে আহতের প্রকৃত সংখ্যা এবং গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমকে/বিএম২৪








