দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন কক্সবাজারের অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী
সংগৃহীত
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনার জন্য কক্সবাজারের আইনজীবী অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে জারি করা এক চিঠির মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দুদকের মামলাগুলো পরিচালনার জন্য সংশ্লিষ্ট আবেদন এবং কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী কমিশনের নির্ধারিত হারে সম্মানী পাবেন। দায়িত্ব পালনকালে তিনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দুদকের তদন্ত ও তদারকিসংশ্লিষ্ট কর্মকর্তাদের এফিডেভিট প্রস্তুত এবং চার্জশিট দাখিলের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তাঁর দায়িত্ব পালনের কাজ মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের উপপরিচালক (প্রসিকিউশন) নাসিমা তানজিদার মুনমুন স্বাক্ষরিত নিয়োগপত্রে দায়িত্ব পালনের বিভিন্ন শর্ত ও নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
এমকে/বিএম২৪








