পদায়নের চার দিন পরই ওএসডি, এনসিটিবির চেয়ারে বসা হলো না জাহিদার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
পদায়নের চার দিন পরই ওএসডি, এনসিটিবির চেয়ারে বসা হলো না জাহিদার

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে পদায়নের মাত্র চার দিনের মাথায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তা ড. জাহিদা বেগমকে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার অভিযোগে তাকে ওএসডি করা হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।


প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সোমবারই তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে গত ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন করা হয়। বিভিন্ন অভিযোগে বিতর্কিত এ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় তখনই প্রশ্ন ওঠে। এর চার দিনের মাথায় আগের আদেশ পরিবর্তন করে তাকে ওএসডি করা হলো।


খোঁজ নিয়ে জানা যায়, ২৮তম বিসিএসের কর্মকর্তা ড. জাহিদা বেগম মাউশির প্রশিক্ষণ শাখায় সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে প্রশিক্ষণের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, ভুয়া বিল-ভাউচার তৈরি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।


২০২৫ সালে মাউশির প্রশিক্ষণ কার্যক্রমে তিন দিনের প্রশিক্ষণ চার দিন দেখিয়ে বিল তৈরি করাসহ বিভিন্ন আর্থিক অনিয়ম নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনায় মাউশির তৎকালীন প্রশিক্ষণ শাখার পরিচালকসহ ড. জাহিদা বেগমের নামও উঠে আসে।


এ ছাড়া বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ জমা পড়েছে।


বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধাজনক পদায়ন ও সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে জাহিদা বেগমের বিরুদ্ধে। সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা।


এর আগে নওগাঁ সরকারি কলেজে দায়িত্ব পালনকালে আচরণগত কারণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। এত অভিযোগের পরও এনসিটিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে তাকে পদায়ন করায় শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট মহলে প্রশ্ন ওঠে।


অবশেষে নতুন প্রজ্ঞাপন জারি করে তাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপনে ওএসডি করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।


এ বিষয়ে জাহিদা বেগম বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ তুলে আমাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। একটা পদায়ন ঘিরে এ সমস্যা তৈরি হয়েছে। যেহেতু আদেশ বাতিল হয়েছে, কর্তৃপক্ষ এটা করেছে; ফলে এ নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।’


এমকে/বিএম২৪