পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। রোববার (২৩ নভেম্বর) শফিপুরের পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


এবারের আসরে দেশি-বিদেশি মোট ১২টি দল অংশ নিচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটাররা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল।


আয়োজকদের প্রত্যাশা, দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে এ আয়োজন স্থানীয় পর্যায়ে টেপবল ক্রিকেটের প্রসার ঘটানোর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে নতুন সুযোগ সৃষ্টি করবে।


এমকে/বিএম২৪