শাকিল হত্যার বিচার না হলে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে তরুণেরা: প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম
শাকিল হত্যার বিচার না হলে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে তরুণেরা: প্রতিমন্ত্রী পুতুল

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


সন্তান হারানোর শোকে মুহ্যমান পরিবার। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা। এমন শোকাবহ পরিস্থিতিতে নিহত ছাত্রদল নেতা শাকিল হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শাকিল হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।


প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, “শাকিল হত্যার বিচার না হলে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতে নিরুৎসাহিত হবে। তারা কেন রাজনীতি করবে, কেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে? তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত রাখতে হলে রাষ্ট্র ও রাজনীতিবিদদের তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাজনীতির জন্য একটি স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই প্রতিহিংসার পরিবর্তে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার পথ তৈরি হবে।”


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রতিমন্ত্রী। পরে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শাকিল হত্যাকাণ্ডকে দেশের রাজনীতির জন্য অশনিসংকেত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শাকিল পরিচ্ছন্ন রাজনীতির চর্চা করতেন। ২০২৪ সালের আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর দক্ষ নেতৃত্ব অনেকেই সহজভাবে মেনে নিতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের ঘটনা তরুণ নেতৃত্বের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।


শাকিলের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত শাকিলের মা-বাবা ও স্বজনেরা। একপর্যায়ে শাকিলের মা প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরে ছেলের হত্যার বিচার চান। এ সময় তিনি প্রতিমন্ত্রীকে নিজের বড় মেয়ে বলে সম্বোধন করেন। মায়ের আকুতি ও স্বজনদের কান্নায় শোকের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।


শাকিলের মায়ের মুখে ‘বড় মেয়ে’ সম্বোধন শুনে প্রতিমন্ত্রী বলেন, এতে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেছে। শাকিল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আইনের আওতায় এনে তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল হোসেন (৩২) দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।


শাকিলের মৃত্যুর চার দিন পর বৃহস্পতিবার বিকেলে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে আশ্বাস দেন।


এমকে/বিএম২৪