তাহসিফ সৌরির নাক দিয়ে বের হচ্ছিল রক্ত, পেট ছিল ফোলা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
তাহসিফ সৌরির নাক দিয়ে বের হচ্ছিল রক্ত, পেট ছিল ফোলা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তবে মরদেহের সুরতহাল প্রতিবেদনে তার নাক দিয়ে রক্ত বের হওয়া ও পেট ফোলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।


প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করেন তাহসিফ সৌরির খালাতো ভাই জহির হাসান। তার মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার ছিল। মরদেহের মুখ ও চোখ বন্ধ অবস্থায় পাওয়া যায়। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল।


সুরতহাল প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহের দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো ছিল এবং হাতের মুঠো খোলা অবস্থায় পাওয়া যায়। বুক, পেট, পিঠ ও দুই পা স্বাভাবিক থাকলেও পেট ফোলা ছিল। শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেখানো মতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।


এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত করার কথা রয়েছে।


এমকে/বিএম২৪