ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধি
সরকারি দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করার অভিযোগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের দায়িত্ব থেকে নয়জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ ওঠার পর তাঁদের পরিবর্তে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন—ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রের জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফরিদা ইয়াসমিন, সালান্দর পাঁচপীর ডাঙ্গা এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের সাদেকুল ইসলাম, সিঙ্গিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ওবায়দুর রহমান, বালাবাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসা কেন্দ্রের আবদুল জব্বার।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী থানা এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ আসনে মোট নিবন্ধিত ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ দুই লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী দুই লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার ওপর জোর দিয়েছে প্রশাসন।
এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমকে/বিএম২৪









