শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হচ্ছেন অভিনেতা শিবা শানু

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হচ্ছেন অভিনেতা শিবা শানু

সংগৃহীত

বিনোদন ডেস্ক


বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি চলচ্চিত্র অঙ্গনে শিবা শানু নামে পরিচিত। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন শাওয়াল খানম। দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে থাকে এই ট্রাস্ট।


নিয়োগের বিষয়ে জানতে চাইলে শিবা শানু চ্যানেল ২৪ অনলাইনকে বলেন, সাংবাদিকদের মাধ্যমে নিয়োগের খবর জেনেছেন তিনি। নিয়োগসংক্রান্ত চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করতে পারবেন বলেও জানান এই অভিনেতা।


বর্তমানে শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন এই অভিনেতা।


এমকে/বিএম২৪