যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ ককপিটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি নারিতা বিমানবন্দর ত্যাগ করে। তবে বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটির উড্ডয়নের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব প্রকৌশলী দল ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটি পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে নিরাপদে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটি রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।


বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেন। পরে বিমানের প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ত্রুটি মেরামত করে।


ফ্লাইটের এক যাত্রী জানান, নির্ধারিত সময়ে বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিগত সংকেত দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।


এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়।


উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।


এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।


এমকে/বিএম২৪