পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছেন চালক।


বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শুকুরজান বিবি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন শুকুরজান বিবি। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার মুখমণ্ডলের বাম পাশ, বাম চোখ ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন চালক। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।


পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪