শরীয়তপুরে মাদকবিরোধী বার্তায় ১০০ যুবকের ৬ কিলোমিটার ম্যারাথন
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
“সূর্যি মামা জাগার আগে, উঠব আমরা জেগে”—এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষারে অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা-২০২৬। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখা এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
মর্নিং বার্ডস ক্লাবের উদ্যোগে এবং মানবিক আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট শাহজালাল মৃধার তত্ত্বাবধানে শুক্রবার সকালে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
সাজনপুর বাজার থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক তরুণ অংশ নেন। তাঁরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত ৬ কিলোমিটার পথ অতিক্রম করেন। সকালজুড়ে তরুণদের প্রাণবন্ত উপস্থিতি ও দৌড়ের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন অ্যাডভোকেট শাহজালাল মৃধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মর্নিং বার্ডস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার আল আমিন, ক্লাবের উপদেষ্টা রুহুল আমিন মোল্লা, আক্তার সরদারসহ ক্লাবের দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজালাল মৃধা বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তাদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন।”
আয়োজকরা জানান, শুধু প্রতিযোগিতা নয়, তরুণদের মধ্যে শৃঙ্খলা, শরীরচর্চা ও ইতিবাচক জীবনধারার অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও তরুণদের নিয়ে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
ম্যারাথনে অংশ নেওয়া তরুণরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তরুণ প্রজন্ম আরও বেশি ইতিবাচক ও সুস্থ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে।








