গাজীপুরে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকরা, প্রথম পর্যায়ে ৩০ কারখানা অন্তর্ভুক্ত
ছবি: বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে পোশাকশ্রমিকদের কিছুটা স্বস্তি দিতে গাজীপুরে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। শুক্রবার (১৩ নভেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী শিল্পাঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০০ টাকার বিনিময়ে ১০ কেজি চাল কিনতে পারছেন। উদ্বোধনের প্রথম দিন সকাল থেকেই চাল সংগ্রহ করতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করেন তাঁরা।
কম দামে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। তবে শুধু চাল নয়, এর পাশাপাশি ডাল, ভোজ্যতেল, লবণ ও আটা স্বল্পমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী টঙ্গীর শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি শ্রমিকদের আবাসন সংকট নিরসনে শ্রমিক ডরমিটরি নির্মাণের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
একই দিনে গাজীপুর মহানগরের নগপাড়া এলাকায় অবস্থিত কিমবারলে ডিজাইন কারখানার শ্রমিকদের মধ্যেও স্বল্পমূল্যে চাল বিক্রি করা হয়।
কারখানাটির প্রায় তিন হাজার শ্রমিকের মধ্য থেকে প্রথম ধাপে যাচাই-বাছাই করে ৫০০ জনকে এ সুবিধার আওতায় আনা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কারখানার প্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি পোশাক কারখানাকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে কারখানা ও সুবিধাভোগী শ্রমিকের সংখ্যা আরও বাড়ানো হবে।









