কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন, চাইলেন এলাকাবাসীর দোয়া

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন, চাইলেন এলাকাবাসীর দোয়া

ছবি: বিডি মেইল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন এ. এস. এম. সাদাকাত হোসেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় মোটরসাইকেল শোডাউন ও বিভিন্ন স্থানে পথসভা করে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


সাদাকাত হোসেন স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য। তাঁর নেতৃত্বে আয়োজিত মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।


শোডাউন শেষে ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য দেন সাদাকাত হোসেন। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


পথসভায় আরও বক্তব্য দেন কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা।


এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।