বিয়ের প্রলোভনে যৌনকর্ম করার অভিযোগ, রামপালে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০১:১০ এএম
বিয়ের প্রলোভনে যৌনকর্ম করার অভিযোগ, রামপালে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনকর্ম ও পর্নোগ্রাফি-সংক্রান্ত অভিযোগে দায়ের করা মামলায় বাগেরহাটের রামপাল থেকে শশাঙ্ক শেখর মন্ডল (৩৩) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (১৩ নভেম্বর) রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গত ২৪ ঘণ্টার অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি শশাঙ্ককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


গ্রেপ্তার শশাঙ্ক শেখর মন্ডল উপজেলার ধলদাহ গ্রামের সুনীল কুমার মন্ডলের ছেলে।


থানা পুলিশ জানায়, রামপাল উপজেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


এ বিষয়ে রামপাল থানার ওসি মাসুদুর রহমান, পিপিএম বলেন, “রামপাল উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।