পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ এএম
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ফাইল ছবি

মো. ওমর ফারুক, বান্দরবান প্রতিনিধি


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে আগামী তিন মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আসিফ ইকবাল।


কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে বাঙালি শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নির্যাতন, নিপীড়ন ও বঞ্চনার শিকার হচ্ছেন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা পেলেও পাহাড়ের বাঙালি শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় জনসংখ্যার অনুপাতে সর্বক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে রাঙামাটির ১০টি উপজেলায় পিসিসিপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি রাঙামাটি পৌরসভা, বিভিন্ন কলেজ ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা হবে। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।


তারা আরও বলেন, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান এবং পাহাড়ে বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উল্লেখ্য, পিসিসিপি এর আগেও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।