সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ এএম
সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক


গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। এর আগেও তিনি একাধিকবার এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।


বৃহস্পতিবার জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর ঘটনার ব্যাখ্যা দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।


ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লেখেন, সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজও হারান। তাঁর ভাষ্য, শত শত শহীদের রক্ত ও আহতদের ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসউদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের মতো ব্যক্তিদের অপমান করা হচ্ছে। যুক্তিতে না পেরে তাঁদের ‘বেয়াদব’ বলে আখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


সংসদে এমপি হান্নান মাসউদকে উদ্দেশ করে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, তখন তিনি প্রতিবাদ জানিয়ে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনার কথা তুলে ধরছিলেন।


নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও এমন হুমকি পেয়েছেন। এসব বিষয় তুলে ধরলেও নুসরাতের বাড়িতে আগুনের ঘটনার মতো বিষয়টিকে লঘু করে দেখার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’


তবে কারা তাঁকে হত্যার হুমকি দিচ্ছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি মাহমুদা মিতু।