বাগেরহাটে ৩০ হাজার টাকায় শিশুকে হস্তান্তরের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে ফেরত টাকা
ছবি: বিডি মেইল
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ মাস বয়সী এক শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্য দম্পতির কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিশুটিকে গ্রহণকারী পক্ষের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে উভয় পক্ষকে ডেকে প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসার ব্যবস্থা করা হয়। এ সময় শিশুটিকে আপাতত তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ইউএনওর বাসভবনে শিশুটির মা আনিকা আক্তার এবং শিশুটিকে গ্রহণকারী মোংলার বাসিন্দা নুরজাহান বেগম ও তাঁর স্বামী শহিদুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় উভয় পক্ষই ৩০ হাজার টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন। পরে শিশুটিকে গ্রহণকারী পক্ষ ওই টাকা ফেরত দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর স্থানীয় বাসিন্দা নাছির শিকদারের স্ত্রী হালিমা বেগমের সহযোগিতায় শিশুটিকে মোংলার বাসিন্দা নুরজাহান বেগম ও তাঁর স্বামীর কাছে দেওয়া হয়েছিল।
জিজ্ঞাসাবাদে শিশুটির মা আনিকা আক্তার জানান, স্বামীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতার কারণে নিজের চিকিৎসার ব্যয় বহন এবং সন্তানের ভরণপোষণ চালানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। এ পরিস্থিতিতে তিনি শিশুটিকে অন্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং নিজের চিকিৎসার জন্য অর্থ চেয়েছিলেন। তবে এ বিষয়ে নুরজাহান বেগম কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিশুটির নানা পলাশ শেখ জানান, তিনিও অসুস্থ। পরিবারের ব্যয় নির্বাহের পাশাপাশি মেয়ে ও নাতি-নাতনিদের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মা আনিকা আক্তার শিশুটিকে নিজের কাছে রাখতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে ইউএনও আপাতত শিশুটির ভরণপোষণের ব্যবস্থা করে তাকে মায়ের জিম্মায় দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, শিশুটির মা তাকে নিজের কাছে রাখতে আগ্রহী নন। তাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সময়ে শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। আপাতত তাঁদের ছেড়ে দেওয়া হলেও অর্থের বিনিময়ে শিশুটিকে হস্তান্তরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে অন্যের কাছে দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।









