শরীয়তপুরের পূর্ব ডামুড্যায় হচ্ছে দেশের দশম কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম
শরীয়তপুরের পূর্ব ডামুড্যায় হচ্ছে দেশের দশম কৃষি বিশ্ববিদ্যালয়

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের পূর্ব ডামুড্যায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দেশের দশম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত স্থান ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপু।


এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিন বেগমসহ ভূমি অধিগ্রহণ-সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পরিদর্শন শেষে শরীয়তপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপু।


তিনি বলেন, “শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা এবং কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে। এটি শরীয়তপুরের জন্য একটি যুগান্তকারী অর্জন।”


বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানান, দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে।


স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পূর্ব ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শরীয়তপুরের শিক্ষাক্ষেত্র ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিরও সম্ভাবনা তৈরি হবে।


এমকে/বিএম২৪