শক্তিয়ার খলায় আশ্রয়হীনদের দুর্ভোগ দেখতে সেনা ক্যাম্পে ইউএনও, একাধিক আশ্বাস

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
শক্তিয়ার খলায় আশ্রয়হীনদের দুর্ভোগ দেখতে সেনা ক্যাম্পে ইউএনও, একাধিক আশ্বাস

ছবি : সংগৃহীত

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়া অসহায় ও আশ্রয়হীন মানুষের দুর্ভোগ লাঘবে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তার। এ সময় তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিশুদ্ধ পানির সংকট, চলাচলের অনুপযোগী সড়ক ও কবরস্থানের জায়গা না থাকাসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


পরিদর্শনকালে ক্যাম্পের বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা ইউএনওর কাছে তুলে ধরেন। বিশেষ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, চলাচলের উপযোগী সড়ক নির্মাণ এবং মৃত ব্যক্তিদের দাফনের জন্য নির্দিষ্ট কবরস্থানের জায়গা নির্ধারণের দাবি জানান তাঁরা।


এসব সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও সখিনা আক্তার। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পে কতটি ঘর খালি রয়েছে, তা সরেজমিনে যাচাই করে তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।


এ সময় ক্যাম্প এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা জানান ইউএনও। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কিংবা ক্যাম্পসংশ্লিষ্ট কেউ মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।


এ ছাড়া এলাকায় মসজিদ নির্মাণ করা হলেও সেখানে নিয়মিত ধর্মীয় কার্যক্রম বন্ধ থাকার কারণ জানতে চান তিনি। দ্রুত মসজিদটি সচল করে নিয়মিত ধর্মীয় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ইউএনও।


পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার), সার্ভেয়ার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা।


প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, বিশুদ্ধ পানি, সড়ক ও কবরস্থানের জায়গাসহ উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধান হলে আশ্রয়হীন মানুষগুলোর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।