কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা রেদওয়ান মাস্টার গ্রেপ্তার

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা রেদওয়ান মাস্টার গ্রেপ্তার

ফাইল ছবি

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেদওয়ানুর রহমান মাস্টার (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উত্তর নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর নগরাজপুর গ্রামের একটি পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রেদওয়ানুর রহমান উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৬ সালের ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।