বগুড়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন বিভাগীয় কমিশনার
ছবি : সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গাছ আমাদের অক্সিজেন, ছায়া ও ফল দেয়। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, দেশ বাঁচবে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নেওয়া। শাজাহানপুরকে সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মো. ইনতেজার, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শেষে উপজেলা হলরুমে শাজাহানপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।








