বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামে জাহিদ হাসান ওরফে বছির হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে পুনঃতদন্তের আহ্বান জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বাদ পড়া ছয় আসামিকে পুনরায় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।


বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান তাঁরা। পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দেন।


স্মারকলিপি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে জাহিদ হাসান ওরফে বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।


মামলাটির তদন্তের দায়িত্ব পান কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার। তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি। তবে ওই প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে মাত্র একজনকে অন্তর্ভুক্ত রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী।


বাদীপক্ষের দাবি, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে তাঁর বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি তাঁদের।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে বছিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাদীপক্ষের ভাষ্য, মামলার এজাহার, ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রাসঙ্গিক আলামত বিবেচনায় নিয়ে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।


এ ছাড়া নিহতের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে দাবি বাদীপক্ষের।


নিহতের পরিবারের আশঙ্কা, অভিযোগগুলোর যথাযথ তদন্ত না হলে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন। তাই মামলার সব দিক পুনরায় পর্যালোচনা, বাদ পড়া আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।


মানববন্ধনে বক্তব্য দেন মোছা. আয়শা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান, আল-আমীন মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।