গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর, চালক-সহকারী আটক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর, চালক-সহকারী আটক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।


পুলিশ সূত্রে জানা যায়, সকালে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।


নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।