নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
ফাইল ছবি
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।
মামলার পর র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। আদালতের নির্দেশে নবজাতকের ডিএনএ নমুনা পরীক্ষা করা হলে অভিযুক্ত শিক্ষক সাগরের সঙ্গে ডিএনএর মিল পাওয়া যায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।
ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। শুনানির সময় আসামিপক্ষ আপসের প্রস্তাব দিলেও আদালত তা নাকচ করেন।
অবশেষে বুধবার মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন আদালত।









