গঠিত হচ্ছে এনসিপির উপদেষ্টা পরিষদ, কমিটিতে থাকছেন যারা
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় নীতিনির্ধারণে বুদ্ধিবৃত্তিক পরামর্শ যুক্ত করতে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলা, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা থাকছেন।
বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।
প্রাথমিকভাবে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের নাম জানা গেছে। তারা হলেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
আতিক মুজাহিদ জানান, দলে বুদ্ধিবৃত্তিক চর্চা ও রাজনৈতিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার লক্ষ্যেই এই উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। পরিষদের সদস্যরা দলকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। এসব পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এনসিপিকে একটি জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন তারা। দলকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হলেও ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।
এর আগে আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছিল দলটি। তবে দল গঠনের পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি।









