যবিপ্রবির অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি, নেতৃত্বে নিশাত-শামীম
ফাইল ছবি
সাকিবুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত অভয়নগর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, JUST’-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১৮ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত সুলতানা আঁখি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম শেখ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা রহমান হৃিদিকা। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা খাতুন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুক রহমান ইপ্তি।
দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির সভাপতি নিশাত সুলতানা আঁখি বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি সংগঠন কখনো একজনের প্রচেষ্টায় এগিয়ে যায় না। বরং সবার আন্তরিকতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যায়। সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে অ্যাসোসিয়েশনকে আরও সুন্দর, শক্তিশালী ও গতিশীল করে তোলা আমাদের সবার দায়িত্ব। এ জন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’
সাধারণ সম্পাদক মো. শামীম শেখ বলেন, ‘একটি সংগঠনের সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা, দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর। সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে সংগঠনের প্রতিটি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা, সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং সদস্যদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বজায় রাখা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, বরং সবার ভালোবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর প্ল্যাটফর্ম হয়ে উঠুক। প্রত্যেকের আন্তরিক অংশগ্রহণ ও ছোট ছোট উদ্যোগই সংগঠনকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এ যাত্রায় সবার সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা প্রত্যাশা করছি।’
সংগঠনটির নবনির্বাচিত সদস্যদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভয়নগরের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন দৃঢ় হবে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের জন্য সহায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে অ্যাসোসিয়েশনকে একটি কার্যকর ও সুসংগঠিত শিক্ষার্থী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাঁরা।









