রাজশাহী সারদায় ২৭তম বিসিএস পুলিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম
রাজশাহী সারদায় ২৭তম বিসিএস পুলিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

সূত্রঃ ফাইল ছবি

আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি


রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।


রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়। বরং এটি একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থাভাজন ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ১৮ বছরের বঞ্চনার পর ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা নতুন এক বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করছেন। চেইন অব কমান্ড বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।


অনুষ্ঠানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি; অ্যাডভোকেট শফিকুল হক মিলন, এমপি; আবু সাইদ চাঁদ; রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট; বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি. এম. আজিজুর রহমান।


প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ. বি. এম. মামুন।


এমকে/বিএম২৪