তসলিমার নিরাপত্তার দায়িত্ব আমার, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:০৩ এএম
তসলিমার নিরাপত্তার দায়িত্ব আমার, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিজের বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এবং সেখানে গণতন্ত্র, সংবিধান ও মৌলিক অধিকার সুরক্ষিত।


গত দুদিন ধরে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তসলিমা নাসরিন। শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকলেও হঠাৎ উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি তসলিমা নাসরিনকে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি প্রতিকৃতি উপহার দিয়ে পশ্চিমবঙ্গে স্বাগত জানান।


অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। তাই এখানে সবার আসার এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ রয়েছে। তিনি দাবি করেন, নতুন সরকারের অধীনে গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে।


তিনি আরও বলেন, ‘ধমক-চমক, দেখে নেব কিংবা আটকে দেব—এসব এখন অতীত। পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।’


তসলিমা নাসরিনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি লেখিকা, আপনার লেখা অসংখ্য মানুষ পড়েন। আপনি একবার নয়, বারবার পশ্চিমবঙ্গে আসবেন। আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।’


শুভেন্দু অধিকারীর এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তাঁর দাবি, বর্তমান সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করেছে যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সর্বোচ্চ গুরুত্ব পায়।


এমকে/বিডিমেইল২৪