রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজা, ২৫০ গ্রাম গাঁজা, ৮৩ পিস ইয়াবা, ২৩ পিস ট্যাপেন্টাডল ও ৪৫ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৪ হাজার ২৯০ টাকা ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত শাহমখদুম, বোয়ালিয়া, এয়ারপোর্ট ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জিয়ারুল হক (৫০), আফরোজা (৩৮), আলম হোসেন (২৬), মোহাম্মদ আলী শুভ (২৬), মাসুদ রানা (৪৮) ও সাব্বির (৩২)।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শাহমখদুম থানা পুলিশের অভিযানে বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) এলাকা থেকে জিয়ারুল হককে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ পিস ট্যাপেন্টাডল, ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। জিয়ারুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি এবং চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে আফরোজাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম বাঘাটা এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেন ও মোহাম্মদ আলী শুভকে গ্রেপ্তার করে। এ সময় আলমের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ দীর্ঘদিন ধরে আলমের সহযোগী হিসেবে মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা থেকে সুচারনগামী হেয়ারিং সড়কে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিকশার চালক সেটি ফেলে পালিয়ে যায়। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। চালক ও প্রকৃত মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৪৫ বোতলে মোট ৯ হাজার মিলিলিটার বাংলা মদ উদ্ধার করা হয়। একই রাতে পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি গাঁজাসহ ফেলে যাওয়া অটোরিকশার চালক ও প্রকৃত মালিককে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪








